ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

ভোলায় ৪ হাজার লিটার ডিজেলসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ । ১১ জন

ভোলা থেকে নদীপথে ট্রলারযোগে পাচারের সময় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেলসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া ব্যক্তি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল জব্বার মিয়াজির ছেলে মো. মামুন মিয়াজি।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চটকিমারা চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি স্টিল বডি বোটযোগে অবৈধভাবে পরিবহনের সময় আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ তাকে আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত জ্বালানি তেল ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একটি ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে।

এছাড়া আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে বোটসহ ছেড়ে দেওয়া হয়েছে। জ্বালানি তেল বিক্রি ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।