ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণায় ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৭ বিকাল

Link Copied!

বাংলাদেশের বীমা খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে যৌথ গবেষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ও ইন্স্যুরেন্স নিউজ বিডি। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, ইন্স্যুরেন্স নিউজ বিডির পরামর্শক ড. বিশ্বজিৎ কুমার মণ্ডলসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশের বীমা খাত: বাস্তবতা, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক গবেষণায় দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হবে।

গবেষণায় বীমার প্রসার, গ্রাহকের আস্থা, নতুন পণ্য উন্নয়ন, সেবা ব্যবস্থা, দাবি নিষ্পত্তি, প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবলের ঘাটতি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করা হবে। এ জন্য বীমা কোম্পানি, গ্রাহক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেয়া হবে। পাশাপাশি প্রাথমিক ও গৌণ, উভয় ধরনের তথ্য ব্যবহার করা হবে।

সমঝোতা অনুযায়ী, গবেষণার পরিকল্পনা, পদ্ধতি নির্ধারণ, তথ্য বিশ্লেষণ এবং গবেষণার মান নিশ্চিত করার দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ। ইন্স্যুরেন্স নিউজ বিডি আর্থিক সহায়তা, খাতসংশ্লিষ্ট তথ্য ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগে সহযোগিতা করবে।

চুক্তি স্বাক্ষরের পর গবেষণার কাজ শুরু হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের লক্ষ্য রয়েছে।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ বলেন, বীমা খাত দেশের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা অভিজ্ঞতা ও ইন্স্যুরেন্স নিউজ বিডির খাতভিত্তিক অভিজ্ঞতার সমন্বয়ে তথ্যভিত্তিক একটি গবেষণা পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, গবেষণার ফলাফল বীমা খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণে সহায়ক তথ্য দিতে পারে।

ইন্স্যুরেন্স নিউজ বিডির সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু বলেন, গবেষণার মাধ্যমে বীমা খাতের সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়নের সুযোগগুলো নির্ধারণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রমাণভিত্তিক গবেষণা বীমা খাত সম্পর্কে মানুষের আস্থা বাড়াতে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করতে পারে।

বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির বলেন, বাংলাদেশের বীমা খাতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আবার অনেক সম্ভাবনাও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ এবং ইন্স্যুরেন্স নিউজ বিডি-এর মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার অধীনে বাংলাদেশের বীমা খাত নিয়ে মৌলিক গবেষণা হবে। আমরা আশা করছি এখান থেকে বীমা খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে প্রয়োজনীয় বার্তা উঠে আসবে যা সরকারকে বীমা খাতের সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উভয় প্রতিষ্ঠান গবেষণার স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। গবেষণার বিশ্লেষণ, ফলাফল ও সুপারিশের দায়িত্ব থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ওপর।

Facebook Comments Box

আরও পড়ুন

Awareness and Prevention Key to Reducing Rabies Deaths: State Minister

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী

গাজীপুরে গাড়িচাপায় সাড়ে ৩ বছরের মেয়েসহ মা নিহত

রোবটিক সার্জারি চালুসহ চীনের সঙ্গে স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বিএমইউ

When the Network Disappears, UltraLink Keeps Phones Connected

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

মুন্সীগঞ্জে রবি মৌসুমে ৭৪ হাজার টন সার বরাদ্দ

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, ৫০ হাজার কর্মসংস্থানের আশা

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্যসহ সন্দেহজনক চালান জব্দ

নিম্নচাপের প্রভাবে কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা