ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্বাস্থ্য দিবসে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার ও র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১০, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ । ২ জন

Together for health. Stand with science’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘স্কলার্স ইন’ সেমিনার কক্ষে জনস্বাস্থ্য বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ হালিদা হানুম আখতার। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সময়ে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক তথ্যের গুরুত্ব এবং সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “টেকসই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হলে আমাদের অবশ্যই বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য—জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (NIPSOM), ইউনিসেফ, ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ, বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (BCCP), বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN), সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (CLPA), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR) এবং নুরা হেলথ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, এডজাঙ্কট ফ্যাকাল্টি, এলামনাই এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো: আক্তার হোসেন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মো: মুশতাক হোসেন এবং অধ্যাপক ডাঃ সামসুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্সেসের ডিন অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন।

অতিথি হিসেবে, তাঁর বক্তব্যে বলেন, “সুস্থ জাতি গঠনে বিজ্ঞানভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ের স্বাস্থ্য ঝুঁকিগুলো মোকাবিলা করতে হলে আমাদের অবশ্যই আধুনিক বিজ্ঞানের ওপর আস্থা রাখতে হবে। স্টেট ইউনিভার্সিটির মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দক্ষ জনস্বাস্থ্য কর্মী তৈরিতে যে ভূমিকা রাখছে, তা দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।”

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারের সমাপনী বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ভবিষ্যৎ জনস্বাস্থ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার মাইলফলক হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন জনস্বাস্থ্য বিভাগের লেকচারার ও কো-অর্ডিনেটর মোঃ আল্লামা ফয়সাল। সেমিনার শেষে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করেন।