ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে: প্রতিমন্ত্রী মিল্লাত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ । ৩৭ জন

দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ও সাধারণ বিমানের ভাড়া কমানোর বিশেষ তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কর্তৃপক্ষ বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর এবং টিকিটের দাম কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রয়োজনীয় হিসাব-নিকাশ করে দেখা গেছে যে, বিমানের টিকিটের দাম কমানো সম্ভব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মিল্লাত আরও বলেন, বিগত সরকার বিভিন্ন অজুহাতে দেশের বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার জনস্বার্থে সেই বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে। এসব বিমানবন্দর সচল করার পর যদি নতুন কোনো বিমানবন্দর স্থাপন করা হয়, তবে অগ্রাধিকার ভিত্তিতে সেটি ময়মনসিংহ বিভাগে করা হবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী প্রয়াত সাংবাদিক নাদিম হত্যা মামলা নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন যে, অন্তর্বর্তীকালীন সময়ে মামলাটি কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার এই মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেন তিনি।

জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইউসূপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।