বায়ুদূষণের দিক থেকে আবারও বিশ্বের শীর্ষ তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) স্কোর ২৬১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) সূচকে দেখা যায়, বায়ুদূষণের মাত্রায় বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, যার স্কোর ৫৭৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩১৩। ঢাকার পর চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৩, এবং পঞ্চম স্থানে বসনিয়ার সারাজেভো, স্কোর ১৮১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- স্কোর ০ থেকে ৫০: ভালো, ৫১ থেকে ১০০: সহনীয় বা মাঝারি, ১০১ থেকে ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ।
ঢাকার বর্তমান স্কোর ২৬১ হওয়ায় এটি “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে বায়ুদূষণজনিত রোগ যেমন হাঁপানি, ব্রঙ্কাইটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।


