ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান তিন নম্বরে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ । ১০০ জন

বিশ্বের দূষিত শহরের তালিকায় বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুমান সূচক (AQI) স্কোর ৬৩০, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর ৫৪৭, যা একইভাবে বিপজ্জনক পর্যায়ের মধ্যে পড়ে।

তৃতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৭৯। এতে রাজধানীর বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান এবং পঞ্চম অবস্থানে ভারতের কলকাতা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

বিশেষজ্ঞরা জানান, এ ধরনের বায়ুদূষণ শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।