সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল।
রোববার (২৯ মার্চ) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় পরিচালক Jean Pesme। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, আগামী চার বছরের মধ্যে দেশে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডটি প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে একটি সম্মানজনক নাগরিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
এদিকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল ফ্যামিলি কার্ড উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের প্রশংসা করেন। তিনি এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কার্যক্রমের টেকসই বাস্তবায়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন।


