ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

প্রবাসীদের জন্য ই-রিটার্নে সহজ নিবন্ধন সুবিধা চালু করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ । ৫৩ জন

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন ব্যবস্থায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানো হবে। এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট, নিবন্ধন এবং ই-রিটার্ন দাখিলের কাজ করা সম্ভব হবে।

এনবিআর জানিয়েছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য এই ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

বিদেশে থাকা করদাতারা নিজেদের ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাবেন। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে: পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ভিসা পেজের কপি, বিদেশের বর্তমান ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল/ফোন নম্বর, সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ।

আবেদন যাচাই শেষে ই-মেইল ভেরিফাই হলে করদাতা ভেরিফাইড ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।