ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

নৌখাতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোরদার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ । ৪১ জন

গণপরিবহন ও জনসমাগমস্থলকে ধূমপানমুক্ত রাখতে সরকার ঘোষিত তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় তার অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।

মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন–কে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নৌখাতের টার্মিনাল, জেটি, লঞ্চ, ফেরি ও সংশ্লিষ্ট সকল স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে-

১. দৃশ্যমান স্থানে “ধূমপান নিষিদ্ধ” সাইনেজ স্থাপন

২. সকল প্রকার নৌযানে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা

৩. নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার

৪. ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা

৫. কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি

এছাড়া প্রশিক্ষণ কর্মসূচি, মাইকিং, লিফলেট বিতরণ ও অন্যান্য জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনসাধারণকে ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করতে সমন্বিত প্রচার কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাত্রীসেবা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে নৌপরিবহন খাতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। এতে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য ধূমপানমুক্ত সেবা পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।