ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬

নেত্রকোনায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ । ৮ জন

নেত্রকোনায় অবৈধভাবে মজুত রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, জ্বালানি খাতে অনিয়ম রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।