ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

নেত্রকোনায় যুব সমাজকে কৃষি ও পরিবেশ সচেতন করার দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ । ১২৫ জন

জেলার যুব সমাজকে কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্যসার্বভৌমত্ব বিষয়ে সচেতন করতে নেত্রকোনায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বারসিকের রামেশ্বরপুর রিসোর্স সেন্টারে আয়োজিত এই কর্মশালায় জেলার আটপাড়া, কেন্দুয়া ও সদর উপজেলার ৯টি গ্রামের ২০ জন তরুণ-তরুণী অংশ নেন। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান এবং পার্বতী রাণী সিংহ। শুভেচ্ছা বক্তব্যে খাদিজা আক্তার লিটা কর্মশালার লক্ষ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দিনব্যাপী আলোচনায় কৃষিপ্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা, আবহাওয়া পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, পারিবারিক কৃষির গুরুত্ব, স্থানীয়জাতের বীজ সংরক্ষণ, রাসায়নিক কৃষির ঝুঁকি, পানি ও মাটির সুরক্ষা এবং হাওরাঞ্চলের প্রাণ-প্রকৃতি-বাস্তুতন্ত্রের ওপর মানবসৃষ্ট চাপসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। এছাড়া স্থানীয় মাছ, পাখি ও শতবর্ষী গাছ রক্ষায় তরুণদের ভূমিকা, ভূগর্ভের পানির ব্যবহার কমানো, ফসল বৈচিত্র্য বৃদ্ধি, জৈব কৃষি এবং বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ক ব্যবহারিক ধারণাও দেওয়া হয়।

প্রশিক্ষণার্থীরা দলীয় আলোচনার মাধ্যমে কৃষি, জলবায়ু ও পরিবেশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালায় অংশ নেওয়া কিশোরী বিথী আক্তার বলেন, “নারীরা পারিবারিক কৃষির সঙ্গে যুক্ত থাকে এবং নিরাপদ কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশবান্ধব কৃষি ভবিষ্যতের জন্য জরুরি, তাই আমাদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে।”

বারসিকের আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে পরিবেশ ও কৃষি-বান্ধব ভাবনার সঙ্গে যুক্ত করে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাই এ ধরনের কর্মশালার মূল লক্ষ্য।