ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ । ৬৩ জন

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা একটি চিঠি সম্প্রতি দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণ চলাকালে ভোটকেন্দ্রগুলোতে ধূমপান নিষিদ্ধ থাকবে। ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ কেউই ভোটকেন্দ্রের ভেতরে বা আশপাশে ধূমপান করতে পারবেন না।

ইসি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যমান আইন অনুযায়ী ভোটকেন্দ্রসহ বিভিন্ন সরকারি ও জনসমাগমস্থল ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষিত রয়েছে। নির্বাচন কমিশনের এই নির্দেশনার মাধ্যমে ভোটগ্রহণের দিন সেই বিধান আরও কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলো।