ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপদ স্যানিটেশন ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ করলো পিকেএসএফ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ । ৩৮ জন

নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম জোরদার করতে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে পিকেএসএফ। এর ফলে চলতি অর্থবছরে এ খাতে প্রতিষ্ঠানটির মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৭.২৬ কোটি টাকা। এ কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬-এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরো বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের ২৬৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সভায় ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে চলতি অর্থবছরে এ খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়ালো ৫,৭৪১.৫৭ কোটি টাকা।

এ অর্থের সঙ্গে নিজস্ব তহবিল ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ সংযুক্ত করে সহযোগী সংস্থাগুলো মাঠ পর্যায়ে প্রায় ২০ গুণ বেশি অর্থ বিতরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে, যা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানীর শ্যামলীতে অবস্থিত পিকেএসএফ ভবন-২-এ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান। এতে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, ড. মোঃ তৌফিকুল ইসলাম, লীলা রশিদ, পিএইচডি, এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।