ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

নরসিংদীতে একদিনে তিন দফা ভূমিকম্পে আতঙ্ক, মানুষ রাতভর বাইরে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ । ১৪১ জন

নরসিংদীতে একদিনের ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে। শনিবার সন্ধ্যায় তৃতীয় দফার ভূমিকম্পের পর সাধারণ মানুষ সারারাত জেগে বাইরে অবস্থান করে। রবিবার (২৩ নভেম্বর) সকালেও আতঙ্ক দেখা গেছে।

স্থানীয় প্রশাসন ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার শুরু করে। তবে রাত ১২টার পর পুনরায় ভূমিকম্প হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ায় মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও নিরাপদ মনে হওয়া খোলা জায়গায় অবস্থান নেয়। নরসিংদী পৌর শহর ও আশপাশের এলাকায় মানুষকে দলে দলে ঘর থেকে বের হয়ে বাইরে অবস্থান করতে দেখা গেছে। কেউ কলেজ মাঠে অবস্থান করছেন, আবার অনেকে ভবনের নিচতলায় নেমে এসেছেন।

প্রথম দফার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুজব, যেহেতু নরসিংদীর অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজপাড়া ব্রাহ্মন্দী বালুরচরে ঘন বসতি থাকা কোচিং সেন্টার, কলেজ ও স্কুল ঝুঁকিতে রয়েছে।

সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আকরাম হোসেন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার এখনও কোনও নোটিশ পাননি। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে একটি সভা হবে, তার পরে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানানো হবে।

নরসিংদীর জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর শনিবার সকালে দ্বিতীয় দফায় ৩.৩ এবং সন্ধ্যায় তৃতীয় দফায় ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তিনটির উৎপত্তিস্থলই নরসিংদী।