ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  • অন্যান্য

দ্রুত স্বাভাবিক হবে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম: ভারতের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ । ৫৯ জন

ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভার্মা বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে।”

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডার হাট এবং কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে, যা ভবিষ্যতে বাণিজ্য সম্প্রসারণের জন্য চালু করা হবে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে, রবিবার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠকে ভার্মা জানিয়েছেন, গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলো নিরাপত্তাজনিত কারণে পূর্ণক্ষমতায় কাজ করতে পারেনি। তবে ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় পক্ষ।