ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশের ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৫, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ । ২৭ জন

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৬টি জেলায় ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতের পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানতে পারে। এর সঙ্গে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

এমন পরিস্থিতিতে উল্লিখিত ১৬ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।