ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬

দিনাজপুরে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ১২ জন

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার কোচের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন যাত্রী।

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মোশারফ হোসেন বাবুল, তার বাড়ি পঞ্চগড়ে। অপর নিহত ব্যক্তি বাসচালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী ‘হেরিটেজ স্লিপার কোচ’ বাসটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ জানিয়েছে, আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতদের পরিচয় নিশ্চিতসহ দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।