ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় রোদের দাপট, আকাশে মেঘের লুকোচুরি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ । ৭৫ জন

শীতের শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। বৃহস্পতিবারও ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের বেশির ভাগ সময় রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা না থাকায় স্বস্তিকর আবহাওয়া বিরাজ করার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ। এর আগে বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

আজ চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ এবং সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সিলেটে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৪ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ ২৬ দশমিক ৯ এবং সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ ২৯ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।