রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার (২৪ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের বড় একটি সময়জুড়ে রোদের দেখা মিলবে।
শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯ শতাংশ। শুক্রবারও ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ দশমিক ৬ এবং ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রার তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৩ ও সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ২৫ দশমিক ৭ ও সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ২৬ দশমিক ২ ও সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সিলেটে সর্বোচ্চ ২৮ দশমিক ৭ ও সর্বনিম্ন ১১ দশমিক ৫, বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৫ ও সর্বনিম্ন ১১, রংপুরে সর্বোচ্চ ২৭ ও সর্বনিম্ন ১০ এবং ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ও সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদফতরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


