ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ঢাকায় আজও রোদের দেখা, আকাশ থাকবে পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ । ১০৮ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ সোমবার (২৬ জানুয়ারি) পরিষ্কার থাকবে এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর থেকে উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

এর আগে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ও সর্বনিম্ন ১৪ দশমিক ২ ডিগ্রি, রাজশাহীতে সর্বোচ্চ ২৭ দশমিক ২ ও সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি এবং খুলনায় সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি, বরিশালে সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ও সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি, রংপুরে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৩ ডিগ্রি এবং ময়মনসিংহে সর্বোচ্চ ২৭ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।