ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ সকাল

Link Copied!

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে দেশের সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যা প্রস্তুতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনাও করা হচ্ছে।

গত রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভা শেষে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় নেওয়া সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী বার্ন ইউনিটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

তিনি আরও জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা আরও বাড়াতে বলা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে বলা হয়েছে।

ডা. নুরুল ইসলাম বলেন, রোগীর সংখ্যা ঢাকাতেই বেশি। তাই রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালককে শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সংকটের সময়ও সরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দেয় না। তবে রোগীর সংখ্যা হাসপাতালের শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে রোগীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তি কমাতেই ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার তাগিদ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৩৫৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন।

মৃতদের মধ্যে পুরুষ ১৩২ জন এবং নারী ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা বিভাগে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর মাধ্যমে রোগীর চাপ বাড়লে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোর সক্ষমতা কাজে লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের ক্ষতি দেখতে টুভালুতে বিশ্বনেতারা