ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

টয়লেটে লুকানো জ্বালানি! চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ লিটার ডিজেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ । ৩১ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টং পাড়ায় অভিযান চালিয়ে বসতবাড়ির টয়লেট থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টং পাড়া এলাকায় মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির টয়লেটের ভেতরে তিনটি ড্রামে মজুদ রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

পরে জব্দ করা ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়। একই সঙ্গে অবৈধ মজুদের অভিযোগে বাড়ির মালিক সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জ্বালানি খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।