ঝিনাইদহে নবগঙ্গা নদী পরিষ্কার ও পরিবেশ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলবে আগামী বুধবার পর্যন্ত।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণকেন্দ্রে নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান শুরু করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “নদী আমাদের প্রকৃতির প্রাণ। নদী বেঁচে থাকলে প্রকৃতি ও পরিবেশ ভালো থাকবে। আমরা প্রাথমিকভাবে নবগঙ্গা নদী দূষণমুক্ত করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে জেলার অন্যান্য নদীতেও এই অভিযান চালানো হবে। পাশাপাশি নদীর দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্যও কার্যক্রম চলমান রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি) নির্মল কান্তি তালুকদার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহকারী ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে নদী পুনরুজ্জীবিত করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


