ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা হবে আজ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ । ২৫ জন

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে আজ। প্রতিমাসের মতো এবারও পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুত আছে এবং আগামী এপ্রিলে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল আমদানি হবে। ফলে আসন্ন মাসেও জ্বালানি সংকটের আশঙ্কা নেই।

মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহণে ব্যবহৃত হয়। অন্যদিকে অকটেন ও পেট্রলের ব্যবহার তুলনামূলক কম বলেও জানানো হয়।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো বিভিন্ন উদ্যোগ নিয়েও সরকার ভাবছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে শামা ওবায়েদ জানিয়েছেন, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই। সোমবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির জন্য সরকার কাজ করছে।

তিনি আরও জানান, চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকার বলছে, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।