
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি ও চালকের সহকারীকে আটক করেছে স্থানীয়রা।
নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তু পরিবহনের একটি বাস জামালপুর-বকশীগঞ্জ সড়ক দিয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি ও এর চালকের সহকারী মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।