ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসায় চরম গাফিলতি! জ্বরের শিশুকে দেওয়া হলো কুকুরের ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ । ২৮ জন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় জ্বরের চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের এক শিশুকে ভুলবশত কুকুরে কামড়ের জন্য নির্ধারিত ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

জানা যায়, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের বাসিন্দা এমরান হোসেন তার ৫ বছরের মেয়ে আলিফাকে জ্বর নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আনেন। একই সময়ে শাহরাস্তি উপজেলার আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরে কামড়ের চিকিৎসা নিতে জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম উভয় রোগীর জন্য পৃথক প্রেসক্রিপশন দেন।

তবে অভিযোগ উঠেছে, জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র যাচাই না করেই ভুল করে জ্বরের রোগী আলিফাকে কুকুরে কামড়ের ভ্যাকসিন প্রয়োগ করেন। এ ঘটনায় শিশুটির অভিভাবকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়।

অভিযুক্ত আবু ইউসুফ নিজের ভুল স্বীকার করে বলেন, “ভুলবশত অন্য রোগীর ভ্যাকসিন শিশুটিকে দিয়ে ফেলেছি। তবে এই ভ্যাকসিনে কোনো ক্ষতি হবে না।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, ঘটনাটি জানার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসা কর্মকর্তাকে শোকজ করা হবে বলে জানান তিনি।

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবায় দায়িত্বশীলতার প্রশ্ন তুলেছে।

তথ্যসুত্র: ঢাকা মেইল