ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঘোড়াঘাটে বিকল ট্রাকে ধাক্কা, চালকের সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩০, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ । ১৪ জন

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে পাতি ভেঙে বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে। পরে সেটি মেরামতের কাজ চলছিল। এ সময় বগুড়ার দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিন থেকে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করেন।

এ সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।