ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

খেজুরের রস খেতে গিয়ে শিয়ালের কামড়ে ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ । ১২৮ জন

শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ ও পান করতে গিয়ে সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সর্বশেষ খেজুরের রস খেতে গিয়ে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। একের পর এক এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পাশাপাশি জলাতঙ্ক প্রতিষেধকের সংকট আহতদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে তাড়াশ পৌরসদরের হাসপাতাল এলাকার কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-তাড়াশ পৌর এলাকার ভাদাস মহল্লার মোক্তার হোসেন (৪৫), সিরাজগঞ্জ শহর থেকে খেজুরের রস খেতে আসা মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খেজুরের রস সংগ্রহ ও পান করার সময় হঠাৎ একটি শিয়াল আক্রমণ করে তাদের কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে তাড়াশ উপজেলায় গত দেড় মাসে শিয়ালের কামড়ে অন্তত ১৪ জন আহত হলেও স্থানীয় হাসপাতাল ও পৌরসভায় জলাতঙ্কের প্রয়োজনীয় প্রতিষেধকের সংকট দেখা দিয়েছে। ফলে শিয়াল বা কুকুরের কামড়ে আহত দরিদ্র মানুষজন মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ বলেন, “বর্তমানে বিনামূল্যের জলাতঙ্ক প্রতিষেধক সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।”

এলাকাবাসী দ্রুত পর্যাপ্ত প্রতিষেধক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বন্য শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।