
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম খালেদ সাইফুল্লাহ। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বনানী থানা পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে করে দুই যুবক যাচ্ছিলেন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন চালক। গাড়িটি শনাক্ত ও জব্দের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।