ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

ওসখালীতে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ । ১১ জন

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২টি দোকান ও ৩টি গোডাউন তল্লাশি করে ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারি জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুই জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত অবৈধ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধার করা নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।