ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

উল্টো পথে ট্রাকের ধাক্কা: যাত্রাবাড়ীতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ । ১৪ জন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) জানা গেলেও অপর নিহত যাত্রীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে তিনি মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে ছিলেন। এ সময় উল্টো পথে একটি ট্রাক দ্রুতগতিতে যেতে দেখেন। কিছুক্ষণ পরই ট্রাকটি সামনে থাকা একটি অটোরিকশার ওপর উঠে যায়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় চালক ও যাত্রীকে উদ্ধার করেন।

তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খাইরুল আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানান, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সেটিকে ধরতে তিনি উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।

যাত্রাবাড়ী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, বেপরোয়া গতি ও উল্টো পথে গাড়ি চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।