মৌলভীবাজারের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলা-র শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে, যা এসে ট্রেনটি উদ্ধার করবে।
প্রাথমিকভাবে জানা গেছে, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর সিলেটগামী কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার আরও জানান, বিকল্প ইঞ্জিন পৌঁছানোর পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।


