ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে ঢাকায় সাতক্ষীরাবাসীর নাগরিক সমাবেশ, ন্যায্য অধিকার দাবি

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ । ২৮৯ জন

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বারবার বৈষম্যের শিকার সাতক্ষীরা জেলায় ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকায় নাগরিক সমাবেশ করেছে সাতক্ষীরাবাসী। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি, নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি, বিভিন্ন উপজেলা ও থানা সমিতি এবং শিক্ষার্থী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জেলার প্রায় চার শতাধিক সচেতন নাগরিক সমাবেশে যোগ দেন।

বক্তারা অভিযোগ করেন, জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও গত ১৭ বছরে সাতক্ষীরা জেলা কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। সুন্দরবনকে ঘিরে প্রতিবছর লাখো পর্যটক আসলেও অবকাঠামো দুরবস্থা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অবহেলার কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে।

তারা বলেন, জেলার ক্রীড়া কমপ্লেক্স নেই, রেল যোগাযোগ নেই, ফুড প্রসেসিং সুবিধা নেই, যা জেলার সম্ভাবনাকে কাজে লাগাতে বড় বাধা।

সমাবেশে দাবিগুলো তুলে ধরা হয়: অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সাতক্ষীরাকে রেল নেটওয়ার্কে অন্তর্ভুক্তকরণ, সুন্দরবন ঘিরে টেকসই ইকোটুরিজম, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সার্ভেয়ার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণাগার স্থাপন, নার্সিং ইনস্টিটিউট, ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, আধুনিক বাস টার্মিনাল ও স্টেডিয়াম নির্মাণ, পাটকেলঘাটাকে উপজেলা উন্নীতকরণ ও সাতক্ষীরাকে গ্রেড-১ জেলা ঘোষণা, নদীভাঙন ও জলাবদ্ধতা প্রতিরোধে দীর্ঘমেয়াদী প্রকল্প, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা

বক্তারা বলেন, “আর নয় কেনো বৈষম্য, আমরা জেলাবাসী আমাদের ন্যায্য অধিকার চাই।”