ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে ৩ ব্রিজ নির্মাণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ সকাল

Link Copied!

রাজধানীর আফতাবনগর-বনশ্রী এলাকার যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিনটি স্থায়ী ব্রিজ নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর অংশ হিসেবে ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটি বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট কমাতে তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উন্নয়নকাজগুলো দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অন্য দুটি ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। পরে দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজটি দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসক জানান, মূল সড়কে যানজট কমানোর পাশাপাশি এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজটির পাশে আরও দুটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে। বাকি দুই ব্রিজের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ব্রিজটি এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে সহায়ক হবে।

ব্রিজটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দৃষ্টিনন্দন এই স্থাপনা রক্ষায় সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে খালে ময়লা-আবর্জনা না ফেলতেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি সংশ্লিষ্ট খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রশাসক। খালটি পরিষ্কার, সংস্কার ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এলাকার সৌন্দর্য বাড়বে এবং ভবিষ্যতে এটি পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার প্রত্যয় জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না; পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি। এ কাজে আফতাবনগর ও বনশ্রীবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নিয়মিত সিটি করপোরেশনের কর পরিশোধের আহ্বান জানান।

ডিএনসিসি সূত্র জানায়, করপোরেশনের অর্থায়নে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের আওতায় আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৩৮ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার। ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার। আর মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজের দৈর্ঘ্য ৪৯ মিটার ও প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার।

এর মধ্যে ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর স্টিল ফুটওভার ব্রিজটি আনুষ্ঠানিকভাবে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বিশ্ব ফুসফুস দিবস কাল: তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

বাঁশখালীতে বন্যার্তদের ঘর নির্মাণে দেওয়া হবে ১ কোটি ৫৩ লাখ টাকা

প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: শ্রমমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞা: ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আফতাবনগর-বনশ্রীতে যানজট কমাতে ৩ ব্রিজ নির্মাণ

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

চাহিদা মেটাতে ১০ হাজার টন মসুর ডাল ও ১.৫৫ লাখ টন সার কিনবে সরকার

মিয়ানমারে নারী বন্দীদের ওপর বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন চলছে

মানবাধিকার সুরক্ষায় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়তে পারে ৪ শতাংশ: এডিবি

কুষ্ঠ-যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মীদের ঝুঁকিভাতা পুনর্নির্ধারণ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল বাসভাড়া, নতুন হার কার্যকর