ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬

আগামী ৮-১১ এপ্রিল যেমন থাকবে দেশের আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ । ১২ জন

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে, এর প্রভাবে দেশজুড়ে আগামী কয়েক দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে তাপমাত্রায় সামান্য ওঠানামার সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯ টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আজ রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার (৮ এপ্রিল): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল): দেশের আটটি বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল): ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

শনিবার (১১ এপ্রিল): বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।