ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি: ভাষার জন্য আত্মত্যাগের ৭৪ বছর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ । ৪৮ জন

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো আজ। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করছে ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষার রাষ্ট্রভাষার মর্যাদা।

দিবসের প্রথম প্রহরেই, রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে মানুষ ছুটে যান আজিমপুর কবরস্থান-এ। সেখানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নামে। আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা পায় রাষ্ট্রভাষার স্বীকৃতি, আর জন্ম নেয় এক অনন্য জাতীয় চেতনার।

বিশিষ্ট শিক্ষাবিদ সরদার ফজলুল করিম তার ‘বায়ান্নর ও আগে’ প্রবন্ধে ভাষা শহীদদের আত্মত্যাগকে অমরতার সঙ্গে তুলনা করে লিখেছেন, তাদের রক্তেই জাতি পেয়েছে অমৃতের স্পর্শ। একইভাবে বরেণ্য শিক্ষাবিদ আবুল ফজল একুশকে আখ্যায়িত করেছেন ন্যায় ও সত্যের দাবিতে আপসহীন সংগ্রামের প্রতীক হিসেবে।

১৯৯৯ সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়ার পর থেকে দিনটি বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে বিশ্বের নানা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাজধানীসহ সারা দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ প্রকাশনার মাধ্যমে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হচ্ছে।

একুশ কেবল শোকের দিন নয়; এটি বাঙালির আত্মপরিচয়, গৌরব ও অধিকার আদায়ের এক অনন্ত প্রেরণার নাম। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরকাল পথ দেখাবে জাতিকে।