ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

অফিসে বসে কাজ করেও ওজন কমানো সম্ভব!

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ । ৫২ জন

নিয়ম মেনে খাওয়া-দাওয়া ও নির্দিষ্ট সময়ে শরীরচর্চা করার পরও অনেকের ওজন কমে না। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকা। ৯টা-৫টার অফিসে কাজের কারণে হাঁটাচলা কম হয়, ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে। পাশাপাশি কাজের ফাঁকে ভুল স্ন্যাকস খাওয়ার অভ্যাসও ওজন বৃদ্ধির বড় কারণ।

ভারতীয় ফিটনেস ট্রেনার সিদ্ধার্থ সিংহ বলেন, ছোট ছোট পরিবর্তনই ওজন কমানো এবং এনার্জি বাড়াতে সাহায্য করে। কষ্টকর ডায়েট বা মিলস্কিপ না করেও সঠিক স্ন্যাকস বেছে নিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চা-কফির সঙ্গে বিস্কুট নয়, ড্রাই ফ্রুটস

অফিসে ঘন ঘন চা বা কফির সঙ্গে বিস্কুট বা মিষ্টি খাওয়ার অভ্যাস ওজন বাড়াতে পারে। তাই চিনি ছাড়া চা-কফি পান করা ভালো। বিস্কুট বা চিপসের বদলে বাদাম, কাজু, কিশমিশ বা পেস্তার মতো ড্রাই ফ্রুটস খেলে শরীর পায় সুষম পুষ্টি এবং ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে।

ফলের রস নয়, গোটা ফল

অনেকেই ফলের রস খেতে পছন্দ করেন, তবে রসে ফাইবার কমে যায় এবং শর্করা বেশি থাকে। তাই খোসাসহ গোটা ফল—যেমন আপেল, নাশপাতি বা কমলা—খেলে পেট দীর্ঘ সময় ভরা থাকে। ফলের ফাইবার হজমে সহায়তা করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

বিকেলে স্বাস্থ্যকর স্ন্যাকস

বিকালের ক্ষুধা মেটাতে মুড়ি বা চিঁড়ে ভালো বিকল্প হতে পারে। ভাজাপোড়া খাবার যেমন শিঙাড়া, পুরি বা বেগুনি এড়িয়ে চলা উচিত। টক দইও একটি ভালো অপশন—এটি প্রোবায়োটিক সমৃদ্ধ এবং প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস।

ছোট পরিবর্তনেই বড় ফল

দিনে এক-দুবার হালকা হাঁটাচলা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার, পর্যাপ্ত পানি পান—এসব অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত নড়াচড়া ও মানসিক চাপ কমানোও সমান গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, অফিসে বসে কাজ করলেও সঠিক স্ন্যাকস ও স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চললে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র: এনডিটিভি