ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ । ১৫৫ জন

সরকার ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে দেশের দুটি জেলায় বাফার গুদাম নির্মাণে অর্থ ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪০৫ দশমিক ২৫ মার্কিন ডলার।

সার ক্রয়ের পাশাপাশি সার সংরক্ষণ ও বিতরণ সুবিধা জোরদার করতে ফরিদপুর ও গাইবান্ধা জেলায় একটি করে বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফরিদপুর জেলায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

ফরিদপুর জেলার বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের জন্য এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড (এআইএল) ও সালাম কনস্ট্রাকশন লিমিটেডের (এসসিএল) কাছ থেকে ৪৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৩৯২ টাকায় কাজ সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের অনুমোদন দেওয়া হয়েছে। এ গুদাম নির্মাণের কাজ পাবে এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড। এতে ব্যয় হবে ৪৭ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৮৮৮ টাকা ৫৭ পয়সা।

সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সারের মজুত, পরিবহন ও বিতরণ ব্যবস্থায় গতি আসবে এবং কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছানো সহজ হবে।