ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

২৫ বছরের সচল রাস্তা বন্ধ করে দেওয়ায় গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ । ২১৩ জন

মানিকগঞ্জে ২৫ বছরের পুরনো সচল রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম দাশড়ার রমজান আলী রোডে শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, প্রফেসর ইন্তাজ উদ্দিন, গাজী ময়েদুল আলম, মো. মাহাবুবুল আলম উজ্জ্বল, অ্যাডভোকেট মফিজুল ইসলাম বুলবুল প্রমুখ।

বক্তারা জানান, পশ্চিম দাশড়া গ্রামের বিএনপি নেতা আলী আশরাফের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তাটি দিয়ে ২৫ বছর ধরে গ্রামবাসী চলাচল করছেন। কিন্তু হঠাৎ করেই আলী আশরাফ ও তার ভাইয়েরা রাস্তাটির সামনে গেট এবং পেছনে ইটের দেওয়াল তুলে বন্ধ করে দেন। এতে গ্রামের হাজারো মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।

তাদের দাবি, আলী আশরাফের বাবা মৃত রহমত আলী জীবদ্দশায় রাস্তাটি গ্রামবাসীর চলাচলের জন্য দলিল করে দিয়েছিলেন। এমনকি পৌরসভাও রাস্তাটির উন্নয়নে মাটি ফেলেছিল। অথচ বর্তমানে তার সন্তানরা বেআইনিভাবে রাস্তা দখল করে চলাচল বন্ধ করেছেন। এ অবস্থায় রাস্তাটি দখলমুক্ত করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তারা।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আশরাফ বলেন, “রাস্তাটি আমাদের পারিবারিক। আমার বাবা তার ছেলে-মেয়েদের সুবিধার্থে লিখে দিয়েছিলেন। রাস্তাটির দু’পাশে স্থাপনাগুলোও আমাদের জমির ওপর। এটি গ্রামবাসীর জন্য নয়।”