ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৯, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ । ১৫৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬ জন, চট্টগ্রামে ৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন এবং খুলনায় ১ জন ডেঙ্গুরোগে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি বছর এখন পর্যন্ত নতুন আক্রান্তসহ মোট ৮৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৩৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ২ জন।

ডেঙ্গুরোগে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছিল ২০২৩ সালে। ওই বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে, ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের, মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জন মারা গিয়েছিলেন, ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জনগণকে সতর্ক করে মশা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিশেষ গুরুত্ব দিতে বলেছে।