ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১০ এয়ারবাস কিনতে আজ চুক্তি করছে বিমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬, ১২:০১ বিকাল

Link Copied!

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষ্যে ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আজ বুধবার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির আওতায় বিমানের বহরে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আজ সন্ধ্যা সাড়ে ৬টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ‘উৎসব হল’-এ অনুষ্ঠিত হবে।

আগামী এক দশকে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে এয়ারবাসের নতুন উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হলে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বহর আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হবে।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অক্টোবরের মধ্যেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি সম্পাদনের কথা জানিয়েছিলেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, আমরা ১০টি এয়ারবাস কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরেই চুক্তি সই হবে।’

মন্ত্রী জানিয়েছিলেন, ২০৩৩ সাল থেকে এসব উড়োজাহাজের সরবরাহ শুরু হবে এবং তা ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত চলতে পারে।

বিমানের পরিকল্পনা অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ ভবিষ্যতে দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। অন্যদিকে, ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে।

প্রস্তাবিত এ ক্রয়ের মাধ্যমে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজের সমন্বয়ে বিমানের বহর আরও বহুমুখী হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ। পরবর্তীতে এই তালিকায় আরও ১১টি বোয়িং যুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮। ফলে মোট বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা দাঁড়িয়েছে ২৫টিতে।

প্রস্তাবিত ১০টি এয়ারবাস কেনা সম্পন্ন হলে বিমানের দীর্ঘমেয়াদি বহরে মোট ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে ১৯টি হবে ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ।

নতুন উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হওয়ার আগ পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সক্ষমতা ধরে রাখতে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Facebook Comments Box

আরও পড়ুন

ডেঙ্গু বাড়ায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ

দখলমুক্ত মিরপুর-১০, ফুটপাতে ফিরেছে স্বস্তি

গ্যাসকে পেছনে ফেলে এশিয়ার জ্বালানি মানচিত্রে শীর্ষে এখন সৌরবিদ্যুৎ

সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসায় ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবকরা

ল্যাবরেটরির নিঃসঙ্গ রাত থেকে বিজ্ঞানী কার্ল ডেইসারথের নোবেলের জয়

দেশে শব্দদূষণ কমাতে ১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ

রাজশাহীতে ৪৮৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, বরাদ্দ ২৮৯ টন চাল

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

২২ জেলায় গড়ে উঠছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় ইউনিলিভার-ফ্রেন্ডশিপের নতুন উদ্যোগ

শিশুদের শৈশব নিরাপদ ও ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান ডা. জুবাইদার

সৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু