দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব “বজ্রপাতের মতো” এসেছে এবং শুরুতে পর্যাপ্ত প্রস্তুতি না থাকলেও অল্প সময়ের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন পুরোপুরি প্রস্তুত।
এর আগে সোমবার (৩০ এপ্রিল) তিনি জানান, ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে এবং রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও নার্সদেরও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, ২০১৮ সালের পর দেশে হামের টিকাদান ক্যাম্পেইন হয়নি। পরিস্থিতি মোকাবিলায় টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, দ্রুত এসব উদ্যোগের মাধ্যমে দেশে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


