ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

সমাবেশ শেষে ফেরার পথে দুর্ঘটনায় জামায়াতের কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ । ৩৫ জন

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আসাদ (৩৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মহেশপুরে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আসাদের অবস্থা অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, আসাদ যশোরে মারা গেছেন। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।