দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় আকাশে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি নদীপথে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


