ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  • অন্যান্য

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিন ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ । ১ জন

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী সোমবার (২৩ মার্চ ২০২৬): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (২৫ মার্চ ২০২৬): ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাস: আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।