রাজশাহীতে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন এই ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর গুল গোফুর পেট্রোল পাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ‘Fuel Management’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, ডিজিটাল এই উদ্যোগের ফলে তেল সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়ানো ও সময় অপচয় কমবে, পাশাপাশি সেবার স্বচ্ছতাও নিশ্চিত হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পাম্প মালিক এবং মোটরসাইকেল চালকরা উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীরা এটিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে আরও পাম্পে এই ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হবে।


