ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ । ১২ জন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাজধানী ঢাকা থেকে যাত্রীবাহী একটি পিকআপ বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে, প্রায় দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।