ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোটারদের সুবিধা, মেট্রো চলাচল হবে বাড়তি ট্রেনে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ । ৫৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল স্বাভাবিকভাবে চালু থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নির্বাচনের দিন ট্রেন সংখ্যা আরও বাড়ানো হবে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য জানান। কর্তৃপক্ষ জানায়, ভোটের জন্য ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক কর্মদিবসের মতো চলবে। তবে নিরাপত্তার স্বার্থে ভোটকেন্দ্রের পাশের স্টেশনের গেট বন্ধ থাকবে, অন্য গেটগুলো খোলা থাকবে।

নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।

এর আগে ২ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে, যা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর হবে।

প্রজ্ঞাপনে মোটরসাইকেলের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচন সংক্রান্ত কাজে কিছু শিথিলতা রাখা হয়েছে।