ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

ভোজ্যতেল সংকট ও সিন্ডিকেটের প্রতিবাদে রংপুরে ক্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ । ১৭ জন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নগরীর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, ভোজ্যতেলের বাজারে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা বেশি দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। কোথাও বোতলজাত তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আবার কোথাও খোলা তেলের নামে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত দামে বোতলজাত সয়াবিন তেল ১৭০ টাকা এবং খোলা তেল ১৮৫ টাকা হলেও বাস্তবে বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এতে ভোক্তারা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

তারা অভিযোগ করেন, বাজারে কার্যকর তদারকির অভাব এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সিন্ডিকেট আরও শক্তিশালী হয়ে উঠছে। পাশাপাশি নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির বিষয়টিও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করা হয়।

মানববন্ধনে ক্যাবের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া, নিয়মিত বাজার তদারকি, মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি বন্ধ করা।

এতে সভাপতিত্ব করেন ক্যাব রংপুর জেলার সভাপতি আব্দুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোজ্যতেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান।