ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ সকাল

Link Copied!

বিদেশি সংস্থাগুলোর বারবার তাগাদা সত্ত্বেও বিগত সরকার শিশুদের হাম-রুবেলার টিকা দেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ওই সিদ্ধান্তের খেসারত এখন বর্তমান সরকারকে দিতে হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় সরকারকে সবসময় সচেতন থাকতে হয়। ২০২০ সালের ২০ ডিসেম্বরের পর প্রতি চার বছর পরপর ব্যাপকহারে মহামারি প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু করার দায়িত্ব ছিল সরকারের। কিন্তু ২০২০ সালের পর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি বন্ধ ছিল।

তিনি বলেন, টিকা সংগ্রহের ক্ষেত্রে ইউনিসেফের ডেলিগেটেড ওয়েতে সরাসরি কেনাকাটার পরিবর্তে আগের সরকার ওপেন টেন্ডার ব্যবস্থায় যেতে চেয়েছিল। বিদেশি সংস্থাগুলো এ বিষয়ে একাধিকবার অনুরোধ করলেও তা শোনা হয়নি। এতে সময়ক্ষেপণ হয় এবং চার বছরের টিকাদানে যে ঘাটতি তৈরি হয়েছে, দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকারকে তার খেসারত দিতে হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর ৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। প্রথম পর্যায়ে ইউনিসেফ নির্ধারিত তিনটি পর্যায়ে ১৮টি জেলায় কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ঢাকা ও আরও দুটি বড় সিটি করপোরেশনকে এর আওতায় আনা হয়। ৪ মে থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম চালু করা হয়। ওই কর্মসূচিতে ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, টিকাদানের পাশাপাশি হাম আক্রান্ত শিশুদের মধ্যে পুষ্টির ঘাটতিও দেখা গেছে। চিকিৎসকদের মতে, হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া ও এর সঙ্গে থাকা অপুষ্টি। অনেক শিশুর শরীরে পর্যাপ্ত পুষ্টি না থাকায় হাম হলে তারা দ্রুত নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং গুরুতর অবস্থায় ফুসফুসে অক্সিজেন প্রবেশে সমস্যা হচ্ছে।

শিশুদের টিকার আওতায় আনতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচিতে ২ কোটি ২৫ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা পেয়েছিল ১ কোটি ৮৫ লাখ শিশু। দুই কর্মসূচির মধ্যে প্রায় ৪০ লাখ শিশুর ব্যবধানের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে শিশুদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আগের ক্যাম্পেইন বন্ধ হওয়ার পরের দিন থেকে ঈদুল আজহার পরের দিন পর্যন্ত আরও প্রায় ১৪ লাখ শিশুকে খুঁজে টিকা দেওয়া হয়েছে।

তবে এরপরও হাম পুরোপুরি বন্ধ না হওয়ায় নতুন করে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ ১০ দিনের মধ্যে আরও ৪০ লাখ ডোজ টিকা দিয়েছে। আগের কিছু মজুতের সঙ্গে নতুন টিকা মিলিয়ে এবার ৩৪ লাখ শিশুকে লক্ষ্য করে ক্যাচআপ কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে ১০ লাখ নতুন জন্ম নেওয়া শিশু এবং ২৪ লাখ আগে বাদ পড়া শিশু রয়েছে।

তিনি বলেন, শনিবার থেকে সারাদেশের প্রত্যেক ইউনিয়নে ক্যাম্প এবং প্রত্যেক উপজেলায় সংশ্লিষ্ট প্রশাসন, সিভিল সার্জন, ইউএনও ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে আগের চেয়েও জোরদারভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

চিকিৎসকদের প্রশংসা করে সরদার সাখাওয়াত বলেন, বিভিন্ন মহামারি ও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। করোনার সময় চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কথাও উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় হাম দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। একজন আক্রান্ত শিশুর কাছাকাছি অন্য শিশুরা থাকলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। একই বিছানায় একাধিক শিশু থাকা কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাতায়াতের মাধ্যমেও সংক্রমণ হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেক মা কর্মজীবী হওয়ায় দিনের বেলায় সন্তানকে নিয়ে টিকাদান কেন্দ্রে আসতে পারেন না। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্ধের দিনেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার পরও টিকাদান কার্যক্রম চলবে। এ ক্যাম্পেইনের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে আনার লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে এ বিশেষ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আরও পড়ুন

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

তিতুমীর-বরেন্দ্র ট্রেন থামানোর দাবিতে মিরজাগঞ্জে মানববন্ধন

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণে প্রস্তুতি জোরদার

স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের ঘোষণা

লালমনিরহাটে অবৈধ বিড়ি তৈরির উপকরণ জব্দ

জলবায়ু বাস্তুচ্যুতি পেরিয়ে মুক্তার খামারে নতুন জীবনের স্বপ্ন

‘প্লাস্টিক দূষণ’ কেড়ে নিচ্ছে প্রকৃতির প্রাণশক্তি, হুমকিতে পৃথিবী

কাঁচাপাট রফতানিকারকদের ঋণ পুনঃতফসিলে সময় বাড়ল

সুপার এল নিনোর প্রভাবে বিশ্বে ৪ লাখ ৫১ হাজার মৃত্যুর শঙ্কা

দেবীদ্বারে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২